রাত ৮টার পর দোকান খোলা রাখায় লাকসামে জরিমানা
- আপডেট সময় : ০১:০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাত ৮টার পর দোকান খোলা রাখা এবং অতিরিক্ত আলো জ্বালিয়ে বিদ্যুৎ অপচয় করার অপরাধে কুমিল্লার লাকসামে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ‘ফুলকলি কনফেকশনারী’সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
গত ২০ আগস্ট রাতে লাকসাম বাজারের বিভিন্ন পয়েন্টে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে রাত ৮টার পর জরুরি সেবা (যেমন- ফার্মেসি, হাসপাতাল) ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নিয়ম রয়েছে। এই আইন অমান্য করে কিছু ব্যবসায়ী দোকান খোলা রাখায় নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে লাকসাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত ‘ফুলকলি কনফেকশনারী’-কে সরকারি সিদ্ধান্ত অমান্যের দায়ে ২,০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে আইন ভঙ্গের কারণে আর্থিক দণ্ড দেওয়া হয়। তবে প্রশাসন কেবল জরিমানার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; ব্যবসায়ীদের আইনি বাধ্যবাধকতা বোঝাতে এবং ভবিষ্যতের জন্য সচেতন করতে তাৎক্ষণিক কাউন্সিলিং বা পরামর্শ প্রদান করা হয়।
প্রশাসনের এই কঠোর ও সচেতনতামূলক ভূমিকার পর লাকসাম বাজার এবং লাকসাম রেলওয়ে জংশন এলাকার চিত্র বদলে গেছে। বর্তমানে জরুরি সেবার আওতামুক্ত অধিকাংশ দোকানপাট ঠিক রাত ৮টার মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। প্রশাসনের এই সময়োপযোগী ও গঠনমূলক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল। তারা মনে করছেন, নিয়মিত এই ধরনের তদারকি বজায় থাকলে বিদ্যুৎ অপচয় রোধের পাশাপাশি নাগরিক শৃঙ্খলা ফিরে আসবে।










