সংবাদ শিরোনাম ::
নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল: জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র
স্টাফ রিপোর্টার :
- আপডেট সময় : ০৩:৪৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
কুমিল্লার লাকসাম পৌরসভার নোয়াপাড়া এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাস্তার পাশের মূল্যবান ‘নয়নজলি’ (সরকারি জলাশয়/খাল) ভরাট করার অপরাধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ভরাটকৃত ওই সরকারি সম্পত্তি উদ্ধারসহ জব্দকৃত বালু ও মাটি উন্মুক্ত নিলামের ঘোষণা দেওয়া হয়েছে।
গত শনিবার (২৪ অক্টোবর) বিকেলে লাকসাম উপজেলার নোয়াপাড়া এলাকায় নিয়মিত পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা। পরিদর্শনকালে সওজ বিভাগের রাস্তার পাশের গুরুত্বপূর্ণ নয়নজলিটি অবৈধভাবে মাটি ও বালু দিয়ে ভরাট করার বিষয়টি তাঁর নজরে আসে। সরকারি জায়গা দখল করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করার এই অপচেষ্টা হাতেনাতে ধরে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে ভরাটকৃত অংশের বালু ও মাটি সরকারি বিধি মোতাবেক নিলামে বিক্রির ঘোষণা দেয় উপজেলা প্রশাসন।
এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সরকারি সম্পত্তি গ্রাস করা এবং জনস্বার্থ ক্ষুন্ন হয়, এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে যারা সরকারি জায়গা দখল বা ভরাট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও বিধি অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

















