মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হুঁশিয়ারি !! লাকসামে স্বস্ত্রীক পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
- আপডেট সময় : ১০:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম অভিভাবক ও সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানিয়ে বলেছেন, আপনার সন্তানদের সন্ধ্যার পর কোনো অবস্থাতেই বাইরে আড্ডাবাজিতে লিপ্ত থাকতে দেবেন না।

কিশোর অপরাধ ও সমাজ ধ্বংসের অন্যতম প্রধান হাতিয়ার মাদক ও কিশোর গ্যাং দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৯ অক্টোবর লাকসাম উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ স্বস্ত্রীক পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। উপস্থিত ভক্ত ও মণ্ডপ কমিটির উদ্দেশ্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা কুমিল্লায় অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে যার যার অবস্থান থেকে পুলিশকে তথ্য দিয়ে ও সমন্বিতভাবে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
বিশেষ করে তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে অভিভাবকদের সচেতনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রতিটি পরিবারকে তাদের সন্তানের গতিবিধির ওপর নজর রাখতে হবে । সন্ধ্যার পর কিশোরদের অহেতুক বাইরে থাকা এবং গ্রুপ বা গ্যাং তৈরি করে ঘুরে বেড়ানো কোনোভাবেই বরদাশত করা হবে না। জেলাজুড়ে ইতিমধ্যে কিশোর গ্যাং ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে এবং এই অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সহধর্মিণী, কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলি,লাকসাম উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবদুর রহমান বাদল, সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, পৌর বিএনপি নেতা , উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক,সিনিয়ার যুগ্ম আহবায়ক ফখরুজ্জামান পাটোয়ারি, পৌরসভা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান মনু, সাধারন সম্পাদক আফজাল হোসেন, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, লাকসাম উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনীকে সার্বক্ষণিক সতর্ক থাকার এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা পুলিশ প্রধান মো. আনিসুজ্জামান, পিপিএম।

















