বর্তমান সরকারের সৃষ্টি নয় গ্যাস ও বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন জটিলতা উত্তরাধিকার সূত্রে পাওয়া ——–প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- আপডেট সময় : ১১:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়। আগের সরকারের সময়কার বিভিন্ন জটিলতা উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার পেয়েছে।
লংমার্চ করে বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান করতে পারলে বিএনপিই সবচেয়ে বড় লংমার্চ করত। বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র সাত মাস হয়েছে। এই সময়ে সরকার যতটুকু পেরেছে, করার চেষ্টা করেছে। যেখানে ব্যর্থ হয়েছি, আমরা দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা চেয়েছি। কারণ, জনগণের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির পরিবর্তনে সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সময় নিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, বাংলাদেশে একটি রাজনৈতিক দল আছে, যারা ধর্মের ব্যবহার করে। তারা এ অঞ্চলেও বেহেশতে নিয়ে যাওয়ার কথা বলে ভোট চেয়েছিল। আমরা আপনাদের বেহেশতের লোভ দেখাব না। বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান করে আমরা বলব বিদ্যুৎ দিয়েছি, আমরা বলব গ্যাস দিয়েছি, আমরা বলব রাস্তা করেছি, ব্রিজ করেছি, শিক্ষাব্যবস্থার উন্নতি করেছি, খেলাধুলার ব্যবস্থার উন্নতি করেছি—এসব বলেই আপনাদের কাছে আবারও ভোট চাইতে যাব ইনশাল্লাহ্।









