লাকসাম সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত মহিলার মৃত্যু
- আপডেট সময় : ১১:০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অচেতন অবস্থায় চিকিৎসাধীন থাকা অজ্ঞাতনামা এক মহিলার (৪০) মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে অজ্ঞাত ওই মহিলা মারা যান। মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত অচেতন থাকায় তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
গত ২৪ মার্চ লালমাই উপজেলার পেরুল এলাকায় অজ্ঞাত এক মহিলাকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে অচেতন অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে রেখে যান।
পাঁচ দিন চিকিৎসা দিলেও তার জ্ঞান ফিরেনি। অবশেষে অচেতন অবস্থায়ই ওই মহিলা মারা যান।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম সাপ্তাহিক লাকসামকে জানান, গত ২৪ মার্চ দুপুরে কয়েকজন পুলিশ সদস্য অজ্ঞান অবস্থায় অজ্ঞাত এক মহিলাকে জরুরী বিভাগে রেখে যান। প্রাথমিক চিকিৎসা শেষে প্রথমে তাকে বারান্দায় রাখা হয়। তিনি প্রস্রাব–পায়খানা করে বিছানা নষ্ট করছিলেন। পরে ওয়ার্ডের ফ্লোরের একটি বেডে রেখে সাধ্যমত সর্বোচ্চ চিকিৎসা দেয়া হয়। ২৯ মার্চ (রোববার) ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ধারনা করা হচ্ছে, ওই মহিলাকে কেউ অজ্ঞান করার নেশা জাতীয় কোন ঔষধ খাইয়ে দিয়েছে। ফলে তিনি অচেতন হয়ে পড়েছেন। অচেতন থাকায় ওই মহিলার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, পাঁচ দিন আগে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ এলাকায় রাস্তায় অচেতন অবস্থায় অজ্ঞাত ওই মহিলাকে পুলিশ উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে আসেন।














