লাকসাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি হলেন – ডা. মোহাম্মদ নুর উল্লাহ রায়হান
- আপডেট সময় : ১০:৫৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
কুমিল্লার ঐতিহ্যবাহী লাকসাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নতুন কমিটি অনুমোদিত হয়েছে। গত ২১ মে ২০২৬ খ্রিষ্টাব্দে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. মোহাম্মদ নুর উল্লাহ রায়হান।
অনুমোদিত কমিটিতে পদাধিকারবলে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে মো: আবুল কাশেম এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে বিশ্বতম সাহা স্থান পেয়েছেন।
লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত করায় কুমিল্লা ৯ (লাকসাম – মনোহরগঞ্জ) এর সংসদ সদস্য মো.আবুল কালামকে ধন্যবাদ জানিয়ে এক প্রতিক্রিয়ায় ডা. মোহাম্মদ নুর উল্লাহ রায়হান , সাপ্তাহিক লাকসামকে বলেন, “লাকসাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয় অত্র অঞ্চলের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ধরে রাখা এবং ছাত্রীদের মেধা বিকাশে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে আমি প্রধান শিক্ষক, শিক্ষক-অভিভাবক প্রতিনিধি ও পরিচালনা পর্ষদের সবাইকে সাথে নিয়ে কাজ করব।
নবগঠিত কমিটির সভাপতি ডা. মোহাম্মদ নুর উল্লাহ রায়হান বর্তমানে লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশের আধুনিকায়ন এবং নারী শিক্ষার প্রসারে এই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে বলে স্থানীয় সুধীসমাজ ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন।














