লাকসাম পৌরসভা নির্বাচনে সংসদ সদস্যের সমর্থন ও সহযোগিতা চাইলেন -আলহাজ্ব মজির আহমেদ
- আপডেট সময় : ১১:০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
কুমিল্লার লাকসাম পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে|
২৬ জুলাই রোববার বিকেলে আয়োজিত এই সভায় তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন | ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে- লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মজির আহমেদ বলেন, আগামী দিনে দলের যেকোনো কর্মসূচি সফল এবং দলীয় ভিত্তি মজবুত করতে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় আমরা মাননীয় সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে ঐক্যবদ্ধ । তিনি আমাদের অভিভাবক, তাঁর সুযোগ্য নেতৃত্বে লাকসাম বিএনপি অতীতের চেয়ে অনেক বেশি সুসংগঠিত|
কোনো বিভেদ নয়, বরং নিজেদের অভ্যন্তরীণ সকল ভুলত্রুটি কাটিয়ে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষে, সবাই মিলে প্রিয় নেতা জনাব আবুল কালাম এমপি’র দিক নির্দেশনায় লাকসাম পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিক বান্ধব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে আলহাজ্ব মজির আহমেদ ,লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দোয়া, রাজনৈতিক সমর্থন এবং দলীয় মনোনয়ন পেতে সংসদ সদস্য আবুল কালামের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
লাকসাম পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন, পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলী হোসেন, পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সমবায় ও ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক শাহ আলম এবং ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সুজন এবং সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ|









