লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
কুমিল্লার লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম শাখার উদ্যোগে আয়োজিত এ জশনে জুলুছে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

সকাল থেকেই আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রেমিকরা জশনে জুলুছে যোগ দিতে পশ্চিমগাঁও গাজী শোহেদা ইয়ামেনী (রহ.) দরগাহ জামে মসজিদের সামনে সমবেত হতে থাকেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল কালিমার পতাকা ও বিভিন্ন ব্যানার। পিকআপ ও মিছিল নিয়ে তারা জশনে জুলুছে অংশ নেন।
রাসুল (সা.)-এর শান ও মর্যাদা তুলে ধরে নাতে রাসুল পরিবেশন এবং ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে লাকসামের রাজপথ। ধর্মীয় আবেগ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জশনে জুলুছটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জশনে জুলুছটি পশ্চিমগাঁও গাজী শোহেদা ইয়ামেনী (রহ.) দরগাহ জামে মসজিদ থেকে শুরু হয়। লাকসাম পৌরশহরের প্রধান সড়ক দিয়ে দৌলতগঞ্জ বাজার, বাইপাস, হাউজিং এলাকা হয়ে চাঁদপুর রেলগেট প্রদক্ষিণ করে। এরপর জুলুছটি লাকসাম দৌলতগঞ্জ বাজারের ধান বাজার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। মিলাদ, দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মুনাজাত এর মধ্য দিয়ে জশনে জুলুছের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
জশনে জুলুছকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে লাকসাম থানা পুলিশের কঠোর নজরদারি ছিল চোখে পড়ার মতো। জুলুছের পুরো রুটজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জনসমাগমস্থলে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান ছিল।
জুলুছ চলাকালে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেচ্ছাসেবী সদস্যরা তৎপর ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, শিক্ষা ও মানবিক মূল্যবোধ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ জশনে জুলুছের আয়োজন। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে,অনুষ্ঠানে প্রধান অতিথি লাকসাম ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি আলহাজ্ব মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক সকল উপস্থিতি এবংআইনশৃঙ্খলা বাহিনিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ।
জশনে জুলুছে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা এ. এ. তাহের, মাওলানা এমদাদুল হক জিহাদী, আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা রবিউল হোসেন হেলালী, সাইফুল ইসলাম আল-কাদরী, মাওলানা আনোয়ার হোসেন সিরাজী, মো. মহিউদ্দিনসহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ।


















