লাকসামে মনোনয়ন জট – বিএনপির বিদ্রোহী প্রার্থীদের দাপট
- আপডেট সময় : ০৬:৩২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
কুমিল্লার লাকসাম উপজেলার ৮টি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় একক চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও স্বস্তিতে নেই মাঠের নেতারা। কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে একক প্রার্থী চূড়ান্ত করার পরও প্রতিটি ইউনিয়নেই একাধিক দলীয় বিদ্রোহী প্রার্থী’ মাঠে সক্রিয় অবস্থানে রয়েছেন। দলীয় নির্দেশ অমান্য করে মোটরসাইকেল শোভাযাত্রা, উঠান বৈঠক এবং গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক চাঞ্চল্য এবং দলের ভেতরে চরম অস্বস্তি তৈরি করেছে।
স্থানীয় পর্যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য এবং সমর্থিত প্রার্থীদের তালিকা থেকে লাকসামের ইউনিয়নগুলোতে তীব্র অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতার চিত্র ফুটে উঠছে।
কান্দিরপাড় ইউনিয়ন: এই ইউনিয়নে আবুল হাসেমের নাম জোরালোভাবে প্রকাশ পেলেও মাঠ ছাড়েননি অন্য প্রার্থীরা। এখানে সম্ভাব্য বিদ্রোহী’ প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান নুর হোসেন এবং হারুন রশীদ এর পক্ষে গণসংযোগ ও প্রচারণা চলছে।
গো বিন্দপুর ইউনিয়ন: এখানে মাসুদ রানা বেলাল দলীয় একক প্রার্থী আলোচনায় থাকলেও তার বিপরীতে শাহিন মিয়া এবং আজহারুল ইসলাম খোকা প্রার্থী হিসেবে স্বঅবস্থানে রয়েছেন নির্বাচনি মাঠে। মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের ত্যাগী,মো. মাসুদ রানা বেলাল বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পর এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আনন্দ উল্লাসে বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করছে। গোবিন্দপুর ইউনিয়নে মাসুদরানা বেলালের সমর্থন দিন দিন বাড়ছে।
মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন: এই ইউনিয়নে। এখানে প্রার্থিতার লড়াইয়ে আনিছুর রহমান দুলাল, কাজী আবদুর রশিদ, খোরশেদ আলম, শাহীদুল ইসলাম সাহেদ এবং নাজমুল রশিদ রয়েলসহ একাধিক হেভিওয়েট নেতা মাঠে সক্রিয় অবস্থানে থেকে অনড় প্রচার চালাচ্ছেন।
উত্তরদা, আজগরা ও লাকসাম পূর্ব (নরপাটি) ইউনিয়ন: উত্তরদা ইউনিয়নে সাইফুল ইসলাম, আজগরায় মো. আবদুস সালাম এবং লাকসাম পূর্ব ইউনিয়নে ইব্রাহিম খলিল একক প্রার্থী হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করলেও অভ্যন্তরীণ কোন্দল ও চাপা অসন্তোষের কারণে তাদেরও শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। সবচেয়ে জটিল সমীকরণ তৈরি হয়েছে এই তিন ইউনিয়নে।
তৃণমূলের ক্ষোভ ও অভ্যন্তরীণ কোন্দল : নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকদের দাবি, মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। বিতর্কিত বা কম গ্রহণযোগ্য ব্যক্তিদের একক প্রার্থী হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে দলের অস্তিত্ব রক্ষা এবং সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই তারা প্রার্থী হতে বাধ্য হয়েছেন।
অন্যদিকে, দল মনোনীত একক প্রার্থীদের অভিযোগ-বিদ্রোহী প্রার্থীরা মূলত দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন। এর ফলে নির্বাচনী বৈতরণী পার হওয়া কঠিন হয়ে পড়বে এবং এই অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ভাবনা : লাকসামের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বিএনপির এই বেহুধা বিভক্তির কারণে নির্বাচনী সমীকরণ দিন দিন জটিল হচ্ছে। ভোটাররা বলছেন, দলের ভেতরে একাধিক শক্ত প্রার্থী থাকায় ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার বড় শঙ্কা রয়েছে। তৃণমূলের সাধারণ কর্মীরাও পড়েছেন চরম মহাবিপাকে; তারা কার পক্ষে প্রচারণা চালাবেন আর কার পক্ষে ভোট চাইবেন, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন।
দলীয় কঠোর অবস্থানের হুঁশিয়ারি : নির্বাচনী মাঠে দলীয় শৃঙ্খলা ধরে রাখতে স্থানীয় ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা দফায় দফায় বৈঠক করছেন। বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য নানাভাবে চাপ ও অনুনয়-বিনয় করা হলেও মাঠে প্রার্থীদের সিদ্ধান্তে অনড়। দলীয় সূত্র জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যারা নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াবেন না, তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
তবে দলের এই হুঁশিয়ারি সত্ত্বেও লাকসামের ইউনিয়নগুলোর নির্বাচনী মাঠে ‘বিদ্রোহী’ উত্তাপ কমছে না, বরং দিন দিন তা আরও বেগবান হচ্ছে। শেষ পর্যন্ত এই বিদ্রোহী প্রার্থীরা ভোটের মাঠে টিকে থাকলে লাকসামে বিএনপির একক প্রার্থীদের জন্য জয় ছিনিয়ে আনা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
















