দিনব্যাপী কর্মসূচির আয়োজনে – কুমিল্লায়’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
- আপডেট সময় : ০৪:৩৩:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
কুমিল্লায় নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস । এ উপলক্ষে ৫ আগস্ট বুধবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সংবর্ধনা ও বিশেষ আলোচনা সভা।
এদিন সকালে নগরীর টাউন হল মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তারের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক রোজি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী বলেন, এই প্রজন্মের যে অর্জন, তা যে জাতি ভুলে যাবে সে জাতি কখনো শান্তিতে থাকতে পারে না। জুলাই বিপ্লব আমাদের অর্জন, গণতন্ত্রের অর্জন এবং বাংলাদেশের এক নতুন যাত্রার সূচনা।
জুলাই বিপ্লবের মূল চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ এবং জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)।


















