বিদ্যুৎ সাশ্রয় এবং সৌরবিদ্যুৎ স্থাপন ও ব্যবহার বাড়াতে লাকসামে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৬:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
বিদ্যুৎ সাশ্রয় এবং বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) স্থাপনের ব্যবহার বাড়াতে কুমিল্লার লাকসামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা।
সভায় বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং রুফটপ সোলার স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দৌলতগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী খোন্দকার জাহিদ হোসেন এবং কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর লাকসাম সদর দপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এমএম রায়হানুল ইসলাম সৌরবিদ্যুৎ ব্যবহারের কারিগরি ও প্রশাসনিক বিভিন্ন দিক তুলে ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা গেলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি জ্বালানি ব্যয় সাশ্রয়েও ভূমিকা রাখবে এ উদ্যোগ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) মো. নাঈম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহঅ লম।
এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় অংশ নেন।


















